spot_img

সরকারের ওপর চাপ প্রয়োগে ব্যর্থ হলে দেশে বিপর্যয় নেমে আসবে: দুদু

তরুণদের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আপনার দেশ, আপনার কোনও দায়িত্ব নেই? যদি আগামী এক বছরের মধ্যে আমরা সরকারের ওপর কার্যকর চাপ প্রয়োগ করতে ব্যর্থ হই, তাহলে এই দেশে বিপর্যয় নেমে আসবে। কেউ রক্ষা পাবে না। ঘরে বসে থাকলেও বিপদমুক্ত ভাবার কোনও কারণ নেই।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমবায় দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, এখন তো যুবকরা মোবাইল, ল্যাপটপ নিয়ে বসে থাকে। এটা খুব কষ্টের কথা। এই দেশটা তো যুবক, তরুণ, তরুণী, শ্রমিকদের। তারা যদি গা ঝাড়া দিয়ে না উঠতে পারে তাহলে এই দেশের ভবিষ্যৎ খুব প্রসন্ন নয়।

তিনি বলেন, বিএনপি রাস্তায় নামছে না কেন? বিএনপি ভীত না। পঁয়ত্রিশ লাখ মামলা হওয়ার পর যে পার্টি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যে দলের নেত্রী যিনি একটিও আপোষ করেননি। যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি শক্ত দাঁড়িয়ে আছেন। পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় এমন নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে দুদু বলেন, আপনি অনন্তকাল থেকে যাবেন, এটা ভাবা ঠিক হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ