সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগের বিষয়ে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনের অন্যতম প্রধান চরিত্র সামিউল ওরফে জুলকারনাইন সায়ের খানসহ চারজনের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়া হয়। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
অপর তিন আসামি হলেন-নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল, আশিক ইমরান ও স্বপন ওয়াহিদ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (১৮ অক্টোবর) বিচারক চার আসামির সম্পত্তি ক্রোকের আদেশ দেন। ক্রোক সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৮ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
এর আগে রোববার (১২ সেপ্টেম্বর) সামিউল ওরফে জুলকারনাইন সায়ের খানসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন ট্রাইব্যুনাল। অন্যদিকে, লেখক মুশতাক আহমেদসহ চারজনকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে লেখক মুশতাক আহমেদসহ চারজনকে অব্যাহতি দেন। মামলার চার্জ গঠনের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। লেখক মুশতাক গত ২৫ ফেব্রুয়ারি রাতে মারা যান। অব্যাহতি প্রাপ্ত অপর তিন আসামি হলেন- যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক সাহেদ আলম, জার্মান প্রবাসী ব্লগার আসিফ মহিউদ্দিন ও ফিলিপ শুমাখার।
আর আদালতে উপস্থিত না হওয়ায় নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল, সামিউল ওরফে জুলকারনাইন সায়ের খান, আশিক ইমরান ও স্বপন ওয়াহিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এরআগে রোববার (১৩ জুন) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগ জমা দেন মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপ-পরিদর্শক আফসার আহম্মদ।
অভিযুক্ত আসামিরা হলেন- আল জাজিরা টেলিভিশনে সম্প্রতি প্রচারিত একটি প্রতিবেদনের অন্যতম প্রধান চরিত্র সামিউল ওরফে জুলকারনাইন সায়ের খান, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার ঢাকার সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান, নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল, আশিক ইমরান ও স্বপন ওয়াহিদ।












