আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও হিন্দুদের বাড়িঘরে হামলা— ঠিক ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতাগ্রহণের পর হিন্দুদের যেই নির্যাতন চালিয়েছিল, তারই পুনরাবৃত্তি আবার নতুন করে ঘটছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’য় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে কুমিল্লা থেকে এই তাণ্ডবের সূচনা। এই তাণ্ডব নোয়াখালীর বেগমগঞ্জ, চাঁদপুরের হাজীগঞ্জ, হাতিয়ার বুড়িরচরসহ চট্টগ্রাম হয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতাগ্রহণের পর হিন্দুদের যেই নির্যাতন চালিয়েছিল, তারই পুনরাবৃত্তি আবার নতুন করে ঘটছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রত্যেকটি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অথচ এবারই শান্তি বিনষ্ট করা হয়েছে। প্রতিমা ভাঙচুর, মন্দিরে আগুন ও হিন্দুদের বাড়িঘরে আজকে হামলা চালানো হচ্ছে।











