জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আপনাদের ওপর যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা তা আমি নিজের চোখে দেখলাম। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আপনাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। সব ধরনের সাহায্য সহযোগিতা ও নিরাপত্তা দেওয়া হবে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়াসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, আপনারা চিন্তা করবেন না। সবাইকে একত্রিত হয়ে এ অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর যেন একটি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো নির্যাতনের ঘটনা না ঘটে- এজন্য সতর্ক থাকবে হবে।
তিনি আরও বলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলায় হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা পরিকল্পিত ছিল। পরিকল্পিত না হলে এত বড় ঘটনা ঘটত না। এর গোড়ায় আমাদের যেতে হবে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এতে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তদন্ত করলে বের হয়ে আসবে এতে কারও ইন্ধন ছিল কিনা। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, হামলাকারীদের অনেকেই বহিরাগত ছিল। যাদের চেহারা কেউ চিনতে পারেনি। তারা পেট্রল নিয়ে এসেছিল।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন সহযোগিতা করা হয়েছে। চাল, ডাল, একটি করে শাড়ি ও কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া তাদের পুনর্বাসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ঘরবাড়ি নির্মাণ, অর্থ বিতরণ, ব্যবসায়ীদের পুনরায় ব্যবসা করতে সহযোগিতা ও মন্দির পুনর্নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন; যাতে আপনাদের আর কোনো ক্ষতি না হয়। আপনাদের যাতে কষ্ট না হয়। এ সময় প্রতিটি পরিবারের ক্ষয়ক্ষতি অনুপাতে তাদের হাতে নগদ অর্থ ও গৃহনির্মাণের টিন বিতরণ করেন তিনি।











