কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ে হিন্দু ধর্মাবলম্বীদের পূজামণ্ডপে পবিত্র কুরআনুল কারীম অবমাননার ঘটনাটি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে প্রচারকারী ফয়েজ আহমেদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ অক্টোবর) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান উর্মি এ আদেশ দেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঘটনার বিষয়ে ফয়েজকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর সকালে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘিরপাড়ে হিন্দু ধর্মাবলম্বীদের পূজামণ্ডপে কুরআনুল কারীম অবমাননার ঘটনাটি ফয়েজ আহমেদ ফেসবুক লাইভে প্রচার করেন। দৃশ্যটি মুহূর্তের মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ তাকে আটক করে। পরে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করলে তাকে গ্রেফতার দেখানো হয়।











