প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুমিল্লার ঘটনা দুঃখজনক। অন্যের ধর্মকে হেয় করতে গিয়ে, পবিত্র কোরআন শরীফকে অবমাননা করা হয়েছে। আওয়ামী লীগ ধর্ম অবমাননাকারীদের বিচার করবে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার পূর্বাচলে নবনির্মিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার রক্ত একাকার হয়ে মিলে গেছে। সব ধর্মের মানুষের মর্যাদাপূর্ণ জীবন-যাবনের অধিকার আছে। সম্প্রীতি নষ্ট করতে এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়।
তিনি বলেন, হামলার ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবাইকে পুনর্বাসন করা হবে। বিএনপি-জামায়াতের কাজই হলো মানুষকে নির্যাতন করা।
প্রধানমন্ত্রী বলেন, সার্বিকভাবে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি শ্রেণি এসব চায় না, বিশেষ করে খালেদা জিয়া ও তার দোসর জামায়াত। তাদের তো অন্তরে পেয়ারে পাকিস্তান। বাংলাদেশের ক্ষতি আর কেউ কখনো করতে পারবে না।
প্রত্যেক এলাকায় নেতাকর্মীদের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, এই মাটিতে যাতে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে।











