মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, কোন ব্যক্তি বিশেষের স্বার্থে সারা বাংলাদেশের উন্নয়ন এবং আমাদের হাজার বছরের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের সৌভ্রাতৃত্ব বিনাশ করতে দেওয়া যাবে না। যারাই এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সবার কাছে এটা একটা বার্তা পৌঁছে দেবে। এ জাতীয় ঘটনা ঘটিয়ে দেশের পরিবেশ নষ্ট করতে চাইলে বর্তমান সরকার কোনভাবেই তাদের ছাড় দেবে না।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত জেলা দাবা লীগ ২০২১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী জাতির শত্রু, সরকারের শত্রু, মানবতার শত্রু। মানবতার শত্রুদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।
শ ম রেজাউল করিম বলেন, স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল একটি চক্র, যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে না, বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না। সে চক্রটি আবার সক্রিয় হয়ে উঠেছে। এই চক্র আমাদের সৌভ্রাতৃত্বের বন্ধন, আমাদের উন্নয়নের ধারাবাহিকতা, আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান যাতে কোনভাবে নষ্ট করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।











