spot_img

প্রতিদিন পাখির মতো মানুষ মরছে; এই দৃশ্যগুলো সইতে পারি না: সেতুমন্ত্রী

নিজের সড়ক পরিবহণ ও সেতু বিষয়ক মন্ত্রণালয় নিয়ে স্বস্তিতে নেই বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সড়কে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, পাখির মতো মানুষ মরছে, মাছির মতো মানুষ মরছে। এই মর্মান্তিক দৃশ্যগুলো মানুষ হিসেবে আমি সইতে পারি না। অনেক কষ্ট হয়। এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে অনেক কষ্ট করেছি, রাতে দিনে, বৃষ্টিতে-রোদে-শীতে রাস্তায় ঘুরেছি। কিন্তু কাঙ্ক্ষিত ফল পাইনি।

শুক্রবার (২২ অক্টোবর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলস্থ সড়ক ভবন অডিটরিয়ামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সড়কের অনেক উন্নয়ন হয়েছে। তাই এবার সড়কে দুর্ঘটনা কমাতে হবে। রাস্তাকে নিরাপদ করতে হবে। পরিবহনে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, দেশে এত রাস্তা, ফ্লাইওভার, আন্ডারপাস, সীমান্ত সড়ক, মেরিন ড্রাইভ নির্মাণ হচ্ছে। তারপরও আমরা কেন সড়কে শৃঙ্খলা আনতে পারব না। এখন মূল সংকট শৃঙ্খলার, পরিবহনে ও সড়কে। এখানে যদি আমরা ব্যর্থ হই তবে আমাদের সব উন্নয়ন ব্যর্থ হয়ে যাবে। কাজেই সড়কে শৃঙ্খলা আনাই আমাদের চ্যালেঞ্জ।

সেতুমন্ত্রী বলেন, বছরে একদিন (২২ অক্টোবর) সুন্দর সুন্দর ব্যানার পোস্টার ও প্ল্যাকার্ড করলেই আমাদের দায়িত্ব শেষ হবে না। নিরাপদ সড়ক একদিন নয়, প্রতিদিন করতে হবে নিরাপদ সড়ক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ