spot_img

ডিজিটাল আইনের অপব্যবহার হয়: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল আইনের অপব্যবহার হয়। কিন্তু এর অপব্যবহার হওয়া উচিত নয়। যারা এটি প্রয়োগের সঙ্গে যুক্ত তারা সচেতন থাকলে অপব্যবহার হবে না। তবে কোথাও অপব্যবহার হলে এবং আমাদের কাছে অভিযোগ এলে আমরা তা গুরত্ব দিয়ে দেখবো।

বুধবার (২৭ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরামের (বিএসআরএফ) কার্যালয়ে সংগঠনটি আয়োজিত সংলাপে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে মোস্তাফা জব্বার বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে সংকটাপন্ন অবস্থায় আছি। আমি আগেও বলেছি, এখনও বলি- আমরা যত ডিজিটাল হচ্ছি, ততই ডিজিটাল খাতে ঝুঁকিপর্ণ হয়ে পড়ছি।

তিনি জানান, কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় ৩০০টি লিংকের বিরুদ্ধে ফেসবুকের কাছে রিপোর্ট করে সরকার। সেগুলোর মধ্যে ২৬৪টি বন্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। কুমিল্লার ঘটনার পর ফেসবুককে কড়া ভাষায় চিঠি দিয়েছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, আমরা ফেসবুকের ভিডিও, ছবি ও লাইভ বন্ধ করতে পারবো এমন সক্ষমতা অর্জন করেছি। আমরা চাইলে কঠোর হয়ে ফেসবুক ও ইউটিউব বন্ধ করে দিতে পারি। তখন সবাই ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) প্রযুক্তি দিয়ে এগুলোতে ঢুকবে। তখন ভিপিএন বন্ধের দাবি উঠবে। ভিপিএন বন্ধ করলে ব্যাংকসহ আর্থিক খাতে সমস্যা তৈরি হবে। তাই আমরা এসব বন্ধ করবো না। প্রযুক্তি দিয়েই আমরা প্রযুক্তিকে মোকাবিলা করবো। মাথাব্যথা হলে আমি মাথা কেটে ফেলার পক্ষে নই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ