মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগনের নীতি নির্ধারণ বিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহল বলেছেন, আফগানিস্তানে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা না হলে তারা আগামী ছয় মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে।
তিনি বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে সর্বশেষ আফগান পরিস্থিতি নিয়ে দেওয়া সাক্ষ্যে তিনি এসব কথা বলেন।
কলিন কাহল বলেন, আফগানিস্তানে দায়েশের কয়েক হাজার সন্ত্রাসী রয়েছে। আফগানে তৎপর দায়েশ-খোরাসান [আইএস-খোরাসান] গোষ্ঠীকে নির্মূল করার ইচ্ছা ও সক্ষমতা তালেবান সরকারের আছে কিনা তা পর্যালোচনা করে দেখছে মার্কিন গোয়েন্দা সমাজ।
কলিন কাহল দাবি করে আরো বলেন, দায়েশ-খোরাসানের পাশাপাশি আল-কায়েদাও আমেরিকায় হামলা চালাতে চায় কিন্তু এই মুহূর্তে তাদের কারো সেই সক্ষমতা নেই। তবে দায়েশ-খোরাসান আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে সে সক্ষমতায় পৌঁছে যেতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে। তারা বলেছে, আল-কায়েদার একই সক্ষমতায় পৌঁছাতে সময় লাগবে এক থেকে দুই বছর।
সূত্র: পার্সটুডে












