সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতায় কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এবং কোনো মন্দিরে অগ্নিসংযোগ হয়নি বা কোনো মন্দির ধ্বংস করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক ধর্মীয় সহিংসতায় আজ পর্যন্ত ছয়জন মারা গেছেন। এদের মধ্যে চারজন মুসলিম, যারা হিন্দু স্থাপনায় আক্রমণচেষ্টায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এছাড়া আরও দুজন হিন্দু মারা গেছেন, এদের একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং একজন পানিতে ডুবে মারা গেছেন। কেউই ধর্ষণের শিকার হননি এবং একটি মন্দিরেও অগ্নিসংযোগ হয়নি বা ধ্বংস হয়নি।
তিনি বলেন, সব অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং তারা এখন পুলিশের হেফাজতে আছে। যে দেড় ডজন অসহায় মানুষের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, সেসব পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছে এবং সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। দুর্ভাগ্যবশত, কিছু উৎসাহী গণমাধ্যম ও ব্যক্তি ধর্মীয় সম্প্রীতির প্রতি অঙ্গীকারবদ্ধ শেখ হাসিনার সরকারকে বিব্রত করার জন্য ধর্মীয় সংখ্যালঘুর মৃত্যু ও ধর্ষণের সাজানো গল্প ছড়াচ্ছে।
ড. মোমেন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সব জায়গায় এমনকি বিভিন্ন বাড়িতেও পূজামণ্ডপের বিস্তার ঘটেছে। প্রতিটি মণ্ডপের জন্য সরকার অর্থ দিয়ে আসছে। তবে সাতদিন ২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণের মতো পর্যাপ্ত পুলিশ বাহিনী নেই। এ ধরনের ঘটনা এড়াতে মণ্ডপগুলো একেবারে খালি রেখে যাওয়া উচিত নয় পূজা আয়োজকদের।











