নিজেদের অধিকার, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা ও আত্মরক্ষায় সব ধরনের সক্ষমতা ব্যবহার করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (১ আগস্ট) এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমেরিকার হুমকি ও অবৈধ হামলার মুখে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখবে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার বরাতে পার্সটুডে জানায়, বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ইরান নিজের অধিকার, জাতীয় স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক আইনের আওতায় সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে।
বিবৃতিতে আরও বলা হয়, নৌ অবরোধ অব্যাহত রাখা, অবৈধ হুমকি এবং বেসামরিক অবকাঠামোর ওপর হামলাকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন এবং আগ্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছে তেহরান।
জাতিসংঘ মহাসচিবের নিষ্ক্রিয়তা এবং নিরাপত্তা পরিষদের নীরবতারও সমালোচনা করেছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের অবস্থান সংশ্লিষ্ট সংস্থাগুলোর আইনি দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিকে অস্থিতিশীল করার ক্ষেত্রে আমেরিকা ভূমিকা রেখেছে এবং জাহাজ চলাচল নিয়ে বিভিন্ন অজুহাতকে ইরানের বিরুদ্ধে সামরিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।
ইরান জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে দেশের স্বাধীনতা, জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় তেহরান অটল থাকবে।
আঞ্চলিক দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে ইরান। দেশটি বলেছে, কোনো আঞ্চলিক রাষ্ট্র যেন নিজেদের ভূখণ্ড বা অবকাঠামো ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় ব্যবহারের সুযোগ না দেয়।
সূত্র: পার্সটুডে










