শহীদ ওসমান হাদি বাংলাদেশের মানুষের মুক্তি চেয়েছেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে নামমাত্র স্বাধীনতা অর্জিত হলেও দেশ পরিচালনায় দিল্লির প্রেসক্রিপশন কার্যকর রয়েছে বলে বার্তা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন তিনি।
শহীদ ওসমান হাদির রাজনৈতিক দর্শন তুলে ধরে আবদুল্লাহ আল জাবের বলেন, তিনি বাংলাদেশের মানুষের মুক্তি চেয়েছেন। তার বক্তব্যের মধ্য দিয়ে মানুষকে এই বার্তা দেওয়া হয়েছে যে, নামমাত্র স্বাধীনতা অর্জিত হলেও দেশ পরিচালনায় দিল্লির প্রেসক্রিপশন কার্যকর রয়েছে।
ভারতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ভারত বাংলাদেশকে নিয়ে সব সময় দুটি কার্ড খেলে, একটি সংখ্যালঘু কার্ড, অন্যটি পাহাড় কার্ড। এবারের পূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পেরে নতুন করে পাহাড়ে ষড়যন্ত্র শুরু করেছে। এই পাহাড় আমার। বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের কোনো ইঞ্চির দিকে যদি ভারত তাকায়, তাহলে তার চোখ উপড়ে ফেলা হবে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস না করার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আজাদির বিষয়ে এ দেশে ভারতের সেবাদাসরা যদি কোনোভাবে ভূমিকা পালন করে, তবে তার উপসংহার টেনে দেওয়া হবে।
দেশের দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের ওপর হাত তোলার আগে পুলিশকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, জনগণ গরিব। জনগণের কথা বলতে লজ্জা পান, অথচ জনগণের গায়ে হাত তুলতে ভালো লাগে। আর চোর-চোট্টাদের কিছু বলা যাবে না, তাই তো?
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, জুলাইয়ের পর আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম, সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে। আমাদের ভাইয়েরা কি সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকবে? আমার ভ্যাট-ট্যাক্সের টাকায় আমলারা বেগমপাড়ায় বাড়ি বানাবে, আর আমার ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের পক্ষে দেওয়া ভোটকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, এটা কি আমরা মেনে নেব?
তিনি বলেন, একটি দেশ শুধু মানচিত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, রাষ্ট্রের কাঁটাতারে ঝুলে থাকা ফেলানির লাশটিও তার দেশ। রাজনীতি মানে শুধু টাকা-পয়সা বা ধনসম্পদ নয়, রিকশায় চড়ে গুলি খাওয়ার আশঙ্কা জেনেও মৃত্যুর আগ পর্যন্ত সৎ কথা বলে যাওয়া। আমরা সেই রাজনীতি কায়েম করতে চাই।
এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে জেলার রামগড় ও মাটিরাঙ্গা উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরণ করেন আবদুল্লাহ আল জাবের।











