আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না। বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।
শুক্রবার (২৯ অক্টোবর) সকালে নিজ নির্বাচনী এলাকা আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভারতীয় উপহার হিসেবে দু’টি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সংখ্যালঘুদের ব্যাপারে কমিশন গঠন বিষয়ে আলোচনা করা হবে। সাম্প্রদায়িক হামলাকে পরিকল্পিত হামলা বলে তিনি উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুহাম্মাদ আনিসুর রহমান, সিভিল সার্জন মুহাম্মাদ একরাম উল্লাহ প্রমুখ।










