spot_img

আপনারা সরকারি বেতনভুক্ত কর্মচারী, আওয়ামী লীগের না: পুলিশকে মির্জা আব্বাস

পুলিশকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আপনারা সরকারি বেতনভুক্ত কর্মচারী, আওয়ামী লীগের না। আপনাদের ঘরেও সন্তান আছে। যাদের গায়ে হাত তোলেন, ভেবে দেখুন, আপনার সন্তানের গায়ে কেউ হাত তুললে কেমন লাগবে।

শনিবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমাদের টাকায় গুলি কিনছেন, আমাদেরই মারছেন। কিন্ত সময় আসবে, এই সরকারের পতন ঘটবে। সময় আসবে, এই সরকারের একজনও মাঠে নামার সাহস পাবে না।

তিনি বলেন, অত্যাচার অনাচার করে বেশিদিন ক্ষমতায় টেকা যাবে না। আপনারাও ক্ষমতায় থাকতে পারবেন না। যতই পেটান, যতই মারেন, তাতে আমাদের কর্মীদের ক্ষমতা আরও বহুগুণে বাড়বে।

মির্জা আব্বাস বলেন, দ্রব্যের দাম বাড়বে আবার কমবে, এইটা স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে দ্রব্যমূল্য বাড়লে আর কমে না। এর সঙ্গে জড়িত আওয়ামী লীগের ব্যবসায়ী নেতারাই। কারণ তারা সিন্ডিকেট করে টাকা বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছে।

যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা এসে প্রমাণ করেছেন অত্যাচার অনাচার করে গণতন্ত্রকে আটকে রাখতে পারবে না। মানুষের অধিকার হরণ করতে পারবে না। তাই আসুন আমরা আরও শক্তিশালীভাবে প্রস্তুতি নেই। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই সরকারকে আমাদের সরাতেই হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ