ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ চত্বরে চলছে অর্ধমাস ব্যাপী “ইসলামী বই মেলা”। আগামী ৩ নভেম্বর মেলা শেষ হওয়ার কথা থাকলেও লেখক-প্রকাশকদের দাবি এবং পাঠকদের চাহিদার পরিপ্রেক্ষিতে মেলার সময় আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। ফলে আগামী ১০ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত চলবে ইসলামী বইমেলা।
রবিবার (৩১ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এ তথ্য জানা যায়।
মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ বইপ্রেমীরা ভিড় জমাচ্ছেন। কেউ বই কিনছেন আবার কেউ শুধু মেলা দেখার জন্য এসেছেন। বিকেলে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রাকাশক এবং বরেণ্য লেখকদের পদযাত্রায় মুখরিত হয়ে উঠে জাতীয় মসজিদ প্রাঙ্গণ।
অন্যান্য বছরের তুলনায় এবারের বইমেলা বেশ জমজমাট। পাঠকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে মানসম্মত বই প্রকাশ করছেন প্রকাশকগণ। এর ফলে পাঠক সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনই ইসলামী সাহিত্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে ইসলামী সাহিত্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বইমেলায় ঘুরে দেখা যায়, বাড়তি আকর্ষণ তৈরি করতে কুইজ এবং প্রতিযোগিতার আয়োজন করেছে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। সেই সাথে বইগুলোর সাথেও দেওয়া হচ্ছে বাড়তি ছাড়। গত কয়েক বছরের তুলনায় এবারের বই বিক্রির হার অনেক বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।











