রাজধানীর নাখালপাড়া এলাকায় নিখোঁজ বিএনপির সাবেক ছাত্রদল নেতা সাজেদুল ইসলাম সুমনের মাকে দেখতে যান দলটির নেতাকর্মীরা। এসময় সুমনের বাসা থেকে বিএনপির একাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (৩১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, আজ (রোববার) বাদ যোহর খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে দুআর আয়োজন করা হয়। পরে গুম হওয়া সাবেক ছাত্রনেতা সুমনের মাকে আমরা দেখতে যাই। এমন সময় খবর পাই তাদের বাড়ি ঘিরে রেখেছে শতাধিক ইউনিফর্ম পুলিশ। ওসি অপূর্বের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। পরে আটক ও ধরপাকড় শুরু হয়। ২০- ২৫ জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, এই দেশে দুআ মাহফিল, কর্মসূচি করারও অধিকার কেড়ে নেয়া হয়েছে। আমরা মিলাদ মাহফিল করতে পারব না? কর্মসূচি করতে পারব না? সেই অধিকার আমাদের নেই? আমরা গণতন্ত্র ফিরে পেতে চাই।
এ ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিলাদ একটি ধর্মীয় অধিকার। যুদ্ধের পরের অর্জন পণ্ড করতে তারা স্বাধীনতাবিরোধী কাজও শুরু করেছে। বর্তমান সরকার গণতন্ত্রের পরিসর সংকীর্ণ করে ফেলেছে। বিএনপিকে নির্মূল করার ষড়যন্ত্রে নেমেছে। সরকারের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। ২০২৩ সালে নির্বাচন হওয়ার কথা। ২০১৮ সালে ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল। এখন নির্বাচনের আগে আবার তা করা হচ্ছে।










