ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আমলে ওই রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী আরএসএস এর শাখা ৪ থেকে ৫ হাজার বেড়েছে বলে মন্তব্য করেছেন কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
তিনি বলেন, ‘দিদিভাই’ ক্ষমতায় আসার আগে পশ্চিমবঙ্গে ২০০/২৫০টা আরএসএসের শাখা ছিল। ‘দিদিভাই’ ক্ষমতায় আসার পরে আরএসএসের শাখা ৪ থেকে ৫ হাজার হয়েছে।
সোমবার (১ নভেম্বর) তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।
অধীর রঞ্জন চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গে বিরোধীদলগুলোকে ভাঙিয়ে তৃণমূল শক্তিশালী হলো। বিরোধীদলগুলোকে খতম করে দিল। রাস্তা খুলে দিল বিজেপি’র জন্যে। বাংলায় আজকে বিজেপি’র রমরমা তৈরি করার পিছনে সবথেকে বড় অবদান হল ‘দিদিভাই’য়ের।
তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি অবশ্য অধীর বাবুর অভিযোগ খারিজ করে দিয়ে বলেছেন, দেশে ক্ষমতায় আছে বিজেপি। বিভিন্ন রাজ্যে সংগঠন বাড়াতেই পারে আরএসএস। এ নিয়ে রাজ্য সরকারের কিছু করণীয় নেই।












