ধর্ম প্রতিমন্ত্রী মুহাম্মাদ ফরিদুল হক খান বলেছেন, এবারও সারা দেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। যা গত বছরের তুলনায় ১ হাজার ৯০৫টি বা ৬ শতাংশ বেশি।
রবিবার (৭ নভেম্বর) অস্ট্রেলিয়া-বাংলাদেশ মিডিয়া অ্যান্ড প্রেস কর্তৃক আয়োজিত “সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
ফরিদুল হক খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তখনই একটি অশুভ শক্তি বাংলাদেশের সম্প্রীতির পরিবেশকে নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি বলেন, সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত মন্দিরগুলোর যথাযথ সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাড়িঘর নির্মাণসহ উপযুক্ত পুনর্বাসনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হচ্ছে।










