বিএনপির আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অঙ্কের মতোই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, সরকার ও দেশের যেকোনও ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ। বিএনপির মুখে আন্দোলনের কথা একযুগের বেশি সময় ধরে মানুষ শুনে আসছে। কিন্তু আন্দোলন আর দেখে না জনগণ। তাদের আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অঙ্কের মতোই।
সোমবার (১৫ নভেম্বর) নিজের বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, মরণঘাতী কর্মসূচি সরকার নয়, বিএনপিই পালন করছে। আগুন-সন্ত্রাসের মতো মরণঘাতী কর্মসূচির জনক বিএনপি। ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব ছিল বিএনপি। দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদের পুনর্বাসন করেছে।
তিনি বলেন, বিএনপি নেতারা একদিকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়, অন্যদিকে বলে স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই। তাদের দ্বৈতনীতি বা দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা। নির্বাচনকে বিতর্কিত করতে নির্বাচনে অংশ নেয় তারা। বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত। দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে।










