ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, মনে করিয়ে দিতে চাই, একই দিনে একই সময়ে দেশের ৬৩টি জেলায় একসঙ্গে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, তারা কারা? তাদের চিনতে ভুল করব না। আমরা তাদের সুযোগ দেব না। তারা যাতে ভবিষ্যতে এ সুযোগ না পায়, সেজন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্ত:ধর্মীয় সংলাপ ও সেমিনারে’ তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যারা প্রকৃতপক্ষেই আমাদের বিরুদ্ধে কাজ করেছে, যারা আজও বাংলাদেশকে মেনে নিতে পারে না, তাদের কাজ এটা হতে পারে। আরেকটা পক্ষ হতে পারে, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, অথবা বিভিন্ন সময় গ্রেনেড হামলা করে অনেক লোককে হত্যা করেছে, অথবা ২০১৩-১৪ সালে মানুষকে গানপাউডার দিয়ে মেরে ফেলেছে।
তিনি বলেন, যখন নির্বাচন আসে তখন ঘটনা ঘটানো শুরু করে তারা। তারা চায় না বাংলাদেশ এগিয়ে যাক।










