ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের চেয়েও বেশি বিপজ্জনক কাতার। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে কাতারকে শত্রুরাষ্ট্র হিসেবে ঘোষণা করবেন।
শনিবার (১ আগস্ট) চ্যানেল টুয়েলভ-এর মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কাতার সম্পর্কে বেনেট বলেন, তারা ৭ অক্টোবরে নুখবা সন্ত্রাসীদের অর্থায়ন করেছে। কাতার আল জাজিরা পরিচালনা করে, যা আমাদের ক্ষতিগ্রস্ত করার ক্ষেত্রে সবচেয়ে বিষাক্ত ক্যানসারের মতো। কাতার মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর প্রভাবশালী মহলে পৌঁছে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসরাইলের নিরাপত্তার সবচেয়ে পবিত্র স্থান- অর্থাৎ ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়েও তাদের প্রবেশাধিকার রয়েছে।
তিনি বলেন, কাতার আমাদের বিরুদ্ধে কাজ করছে এবং ভেতর থেকে আমাদের বিষিয়ে তুলছে। ইসরাইল এখনও কাতারকে শত্রুরাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করেনি।
তিনি আরও বলেন, তাই বর্তমান আইন অনুযায়ী যে কেউ কাতারের হয়ে কাজ করতে পারে। আপনি কাতারের এজেন্টও হতে পারেন। ইসরাইলের সবচেয়ে বিপজ্জনক শত্রুকে এখনও শত্রুরাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করা হয়নি।
বেনেটের বলেন, ইসরাইলের অনেকেই কাতারের অর্থে পরিচালিত হচ্ছেন। ইসরাইলে এমন গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, এমন প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছেন, এমনকি হয়তো সরকারি কর্মকর্তারাও আছেন, যারা কাতারের অর্থে পরিচালিত হচ্ছেন।
তিনি অঙ্গীকার করে বলেন, পরবর্তী সরকারে আমরা কাতারকে শত্রুরাষ্ট্র হিসেবে ঘোষণা করব।










