মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এজাহার অনুযায়ী, ধর্ষণের পর ওই নারীর হাত-পা বেঁধে চোখ-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে বৃহস্পতিবার থানায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ ঘটনায় মামলা দায়েরের তথ্য নিশ্চিত হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্যা গ্রামের ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা মুখোশধারী পাঁচ ব্যক্তি তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি কৃষিজমির দিকে নিয়ে যায়।
এজাহারে ওই নারী অভিযোগ করেন, সেখানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জিম্মি করে কয়েকজন মিলে ধর্ষণ করে। প্রায় এক ঘণ্টা পর অভিযুক্তরা কাপড় ও ওড়না দিয়ে তাঁর হাত-পা বেঁধে একটি জমির আইলে ফেলে রেখে যায়। যাওয়ার সময় তাঁর চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। পরে তাঁর চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন এবং সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। তারা স্থানীয় ভাষায় কথা বলছিল।
সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।











