আমেরিকার মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সাইয়েদ বলেছেন, ইসরাইল কোনো নির্দিষ্ট সংস্কৃতি বা ধর্মের পরিচয় বহনকারী রাষ্ট্র হওয়া উচিত নয়। একই সঙ্গে পবিত্র ভূমিতে ইসরাইলি ইহুদী ও ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সমান বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলে।
এল-সাইয়েদ বলেন, আমি মনে করি ইসরাইল এমন একটি রাষ্ট্র হওয়া উচিত, যেখানে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে। রাষ্ট্রটি কোনো নির্দিষ্ট সংস্কৃতি বা ধর্মের পরিচয় বহন করবে না এবং তার আইন অনুযায়ী নাগরিকদের স্বাধীনভাবে বসবাসের অধিকার ও মর্যাদা নিশ্চিত করবে।
সিনেটে ইসরাইলের অন্যতম সরব সমালোচক হয়ে উঠতে পারেন এল-সাইয়েদ। তিনি বারবার ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে ইসরাইলি ও ফিলিস্তিনিদের শান্তি, মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, এমন একটি স্বাধীন ও উন্মুক্ত ফিলিস্তিনি আন্দোলন থাকা প্রয়োজন, যা সমান অবস্থানে ইহুদি ইসরাইলিদের সঙ্গে আলোচনা করতে পারে এবং চূড়ান্ত শান্তি কেমন হওয়া উচিত তা নিয়ে ভাবতে পারে। সেটি কি দুই রাষ্ট্র হবে? এক রাষ্ট্র হবে? নাকি ২৫টি রাষ্ট্র হবে? আমি সত্যিই জানি না। এ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার নয়।
তিনি আরও বলেন, তবে এই সিদ্ধান্ত এমন দুই জনগোষ্ঠীর সম্মিলিতভাবে নেওয়া উচিত, যাদের ওই ভূখণ্ডে আত্মনিয়ন্ত্রণের অধিকার সমান। শান্তিপূর্ণ উপায়ে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করেই এ সিদ্ধান্ত নেওয়া উচিত।
ডেট্রয়েটের কাছে একটি সিনাগগে সন্ত্রাসী হামলার চেষ্টার ঘটনায় শুরুতে তার অস্পষ্ট মন্তব্যের কারণে মিশিগানের ইহুদি সম্প্রদায়ের মধ্যে তার প্রার্থিতা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল।
গত মার্চে ডেট্রয়েটের কাছে ওয়েস্ট ব্লুমফিল্ডে অবস্থিত বিশিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান টেম্পল ইসরাইলকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার চেষ্টা চালানো হয়। ঘটনার পর হামলাকারীকে উল্লেখ করে এল-সাইয়েদ বলেছিলেন, আহত মানুষ অন্য মানুষকে আঘাত করে। পরে তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।
ইসরাইলের প্রতি তার বিরোধিতার মনোভাব এবং বিতর্কিত ইসরাইলবিরোধী অনলাইন স্ট্রিমার হাসান পিকারের সঙ্গে তার অংশীদারিত্বসহ বিভিন্ন বিষয় নিয়েও সমালোচনা হয়েছে।
নির্বাচনের পর প্রকাশিত জিউশ মেজরিটি গবেষণা সংস্থার এক জরিপে দেখা গেছে, ইহুদি ভোটারদের ৫০ শতাংশ এল-সাইয়েদকে সমর্থন করেছেন। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে ভোট দিয়েছেন ৪৩ শতাংশ। ৪ শতাংশ সিনেট নির্বাচনে ভোট দেননি এবং ৩ শতাংশ অন্য প্রার্থীকে ভোট দিয়েছেন।
মঞ্চে তাকে প্রশ্ন করা হয়, ইসরাইলের সমালোচনা তার বক্তব্য ইহুদিবিদ্বেষের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে বলে কেউ মন্তব্য করলে তিনি কীভাবে জবাব দেবেন। উত্তরে এল-সাইয়েদ নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং গাজ্জায় ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনায় অস্বস্তি বোধ করার বিষয় দুটিকে আলাদা করে দেখেন।
তিনি বলেন, আপনার ভয় নিয়ে আমি দুঃখিত। স্পষ্টতই, এমন কিছু করতে চাই না যা আপনার ভয় বাড়িয়ে দেয়।
এরপর তিনি বলেন, কিন্তু নিরাপত্তার প্রশ্ন এবং অস্বস্তির প্রশ্ন দুটি আলাদা বিষয়। কারণ আপনার অস্বস্তি কিংবা নিরাপত্তা নিয়ে ভয় যদি আমাকে চুপ থাকতে বাধ্য করে, যখন আমি ৭০ হাজার মানুষকে নিহত হতে দেখি, তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়, হাসপাতালগুলো গুঁড়িয়ে দেওয়া হয়, বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস করে দেওয়া হয় এবং এসবের সমালোচনা করতে পারি না, তাহলে আমার মনে হয় আপনি আমাকে বোঝাতে চাইছেন যে, তাদের মানবিক মর্যাদা আপনার মানবিক মর্যাদার চেয়ে কম গুরুত্বপূর্ণ। আর আমি এটা মেনে নেব না।
এল-সাইয়েদ আমেরিকার সরকারের বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতা করার অভিযোগও তোলেন। এ বিষয়ে তিনি বলেন, এটাই শেষ কথা।
ইসরাইল গাজ্জায় গণহত্যা চালানোর অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটি বলেছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমাতে তারা পদক্ষেপ নেয়। একই সঙ্গে ইসরাইলের অভিযোগ, হামাস স্কুল, মসজিদ ও হাসপাতালসহ বেসামরিক অবকাঠামোর মধ্যে ইচ্ছাকৃতভাবে নিজেদের অবস্থান স্থাপন করে।
সম্প্রতি সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে প্রচারিত এক সাক্ষাৎকারেও এল-সাইয়েদ ফিলিস্তিন রাষ্ট্রকে শুধু পশ্চিম তীর ও গাজ্জার মধ্যে সীমাবদ্ধ রাখার ধারণা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন, ফিলিস্তিনিদের ইসরাইলের মূল ভূখণ্ডের কিছু অংশ কিংবা পুরো ভূখণ্ডই পাওয়া উচিত।
সূত্র : দ্য টাইমস অব ইসরাইল, দ্য আটলান্টিক











