বিদ্যুৎ খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেছেন, চট্টগ্রাম শহরে কোনপ্রকার থাকবে না। সকল তার অপসারণ করে মাটির নিচ দিয়ে লাইন নেওয়ার প্রকল্প সরকার হাতে নিয়েছে। এর মাধ্যমে শহরের সব ধরনের সংযোগ লাইন মাটির নিচে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ নিয়ে সরকার কাজ করছে। ভবিষ্যতে শহরে যত্রতত্র ঝুলন্ত তার আর দেখা যাবে না। কেবল চট্টগ্রাম নয়, ঢাকাসহ দেশের সব বড় শহরে এ কাজ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নগরের রেডিসন ব্লু’র মোহনা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দুই-আড়াই বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। এছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্যও প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেড় বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম হবে দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী নগরী। তাছাড়া মুজিবর্ষে দেশের সব এলাকা শতভাগ বিদ্যুতের আওতায় আসছে।











