আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি যদি মনে করে যে, বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাবে সেক্ষেত্রে সরকারের কোনো বাধা থাকবে না।
শনিবার (২০ নভেম্বর) সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি অংশ গ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্তকে আইন দ্বারা যে সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন খালেদা জিয়াকে তা দেওয়া হয়েছে।
তিনি বলেন, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে, বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। শেখ হাসিনা খুনিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে।
আনিসুল হক বলেন, বাংলাদেশকে তারা তলাবিহীন ঝুড়ি বানানোর প্রয়াসও করেছিলো। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন।










