spot_img

শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসের ভাড়া অর্ধেক করা হচ্ছে: ওবায়দুল কাদের

শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিআরটিসি বাসের ভাড়া শতকরা পঞ্চাশ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ নভেম্বর) তিনি তার সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবে। ভ্রমণকালে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এ সুবিধা পাবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিনে এ সুবিধা প্রযোজ্য হবে না। শিগগিরই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে।

তিনি বলেন, বেসরকারি মালিকানাধীন বাস-মিনিবাসে চলাচলে শিক্ষার্থীদের কনসেশন দেওয়ার বিষয়টি আলোচনার জন্য আগামীকাল বিআরটিএ’তে পরিবহন মালিক এবং শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ