ফেনীর সোনাগাজীতে আফ্রিকা ফেরত ২৭ বছর বয়সী যুবক এনামুল হকের বাড়িতে ওমিক্রন সন্দেহে লকডাউন ষোঘণা করা হয়েছে। এছাড়া ওই যুবককে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম জহিরুল হায়াত।
বুধবার (২ ডিসেম্বর) বিকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইছহাক খোকনকে ওই যুবকের বাড়িতে পাঠিয়ে ঘরের সাথে লাল পতাকা লাগিয়ে লকডাউন ঘোষণা করেন।
আফ্রিকা ফেরত যুবক এনামুল হক নয়া জানান, তিনি গত ২৬ নভেম্বর আফ্রিকা থেকে বাংলাদেশে এসেছেন। তিনি আফ্রিকাতে জনসন অ্যন্ড জনসনের ভ্যাকসিন নিয়েছেন। তার ভ্যাকসিন নেয়ার সার্টিফিকেটও রয়েছে। বাংলাদেশে আসার ৭২ ঘণ্টা আগে আফ্রিকার বিমানবন্দরে করোনা টেস্ট করে নেগেটিভ রিপোর্ট দেখাতে হয়। সেখানে তিনি তার পরীক্ষা করিয়ে নেগেটিভ রিপোর্ট দেখিয়ে বাংলাদেশে এসেছেন। তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ। তার পরও বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চেয়ারম্যান এসে করোনা টেস্টের কথা না শুনে বাড়ি লকডাউন করে দিয়েছেন।











