বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল। মুরাদকে গ্রেফতারের দাবি জানিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেন রংপুর মহানগর যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা ডা. মুরাদকে চরিত্রহীন আখ্যায়িত করে বলেন, একজন বিবেকবান মানুষ মেয়েদের নিয়ে এমন অশ্রাব্য কুরুচিপূর্ণ কথা বলতে পারে না। এ ছাড়াও তিনি ফোন করে একজন চিত্রনায়িকাকে ধর্ষণ করার হুমকি দেন, তার সেই ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বিক্ষুব্ধ যুবদল নেতাকর্মীরা আরও বলেন, নারী সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ায় ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে, তাহলে কেন মুরাদকে গ্রেফতার করা হবে না।’ তারা অবিলম্বে তাকে গ্রেফতার দল থেকে বহিষ্কার করার দাবি জানান।










