পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যা বাংলাদেশ-ভারতের মধ্যে চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের চমৎকার ‘সোনালী অধ্যায়’-এ ফাটল ধরাতে পারে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা পররাষ্ট্র মন্ত্রণালয়ে মোমেনের সাথে সাক্ষাৎ করার পর তিনি গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, তারা এমন কোনো ঘটনাও দেখতে চায় না যা বাংলাদেশ-ভারতের (সোনালী অধ্যায়) সম্পর্কে কোনো ধরনের (ফাটল) ধরাতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি সৌজন্য বৈঠক ছিল কারণ আজ সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শ্রিংলা বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে সকল দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ড. মোমেন বলেন, সংক্ষেপে তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হত্যা ও পানি বণ্টনসহ বেশ কয়েকটি অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করেন।
তিনি আরো বলেন, তারা আমাদের সীমান্তের অবাঞ্ছিত ঘটনা রোধে একটি ফর্মুলা দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে পানি বণ্টন সমস্যা সমাধানে পরবর্তী যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক আয়োজনের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্যও ঢাকা ভারতকে আহ্বান জানিয়েছে।
ড. মোমেন বলেন, দুই দেশের সম্পর্কের চলমান ‘সোনালী অধ্যায়’ কিভাবে সামনের দিনগুলোতে এগিয়ে নেয়া হবে সে বিষয়েও তারা আলোচনা করেছেন।
তিনি আরো বলেন, আমাদের এই সম্পর্কটি দৃঢ় করতে হবে। এটি উভয় দেশের জনগণের কল্যাণের জন্য প্রয়োজন।
বাংলাদেশ-ভারত সম্পর্ককে মধুর বলে অভিহিত করে ড. মোমেন বলেন, দুই দেশ এটিকে আরো উন্নত করতে চায়।
সূত্র : বাসস










