দেশে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনেরও মৃত্যু হয়নি। একইসঙ্গে কমেছে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরের কোনো হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো রোগী ভর্তি হতে আসেননি এবং কেউ মারা যায়নি।
শুক্রবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৬৮ জন। এরমধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি আছেন ১০৭ জন আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৬১ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৯৯ জন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৮৩০ জন।









