ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন-২২ অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২১ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২২ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম, কেন্দ্রীয় সহ-সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ ও সেক্রেটারি জেনারেল হিসেবে শেখ মুহাম্মাদ আল-আমিনের নাম ঘোষণা করা হয়।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ০৯ টায় রাজধানীর গুলিস্তানস্থ কাজি বশির মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা করেন “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ” হিসেবে।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরামের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিনের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমির মুফতী ফজলুল করিম, সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ওবাইদুর রহমান খান নদভী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল লতিফ মাসুম প্রমুখ।










