ইসলামের উন্নয়নে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার কুরআন-সুন্নাহ পরিপন্থী কোন আইন দেশে পাস করবে না। তার সরকার দেশের প্রতিটি জেলা-উপজেলায় মডেল মসজিদের নামে পরিচিত ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন করছে। মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাকে এমএ পাসের মর্যাদা দিয়েছে। সরকারি অর্থে মাদ্রাসায় বহুতলবিশিষ্ট ভবন নির্মাণ করে দেওয়া হচ্ছে। মাদ্রাসা শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। আলেম-ওলামাদের সরকারি খরচে হজ পালনের সুযোগ করে দেয়া হচ্ছে। মসজিদকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) আয়োজিত আন্তর্জাতিক কেরাত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলামকে যদি পরিপূর্ণভাবে অনুসরণ করা যায়, নিজের জীবনে চর্চা করা যায়, তাহলে আমরা নিজেরা যেমন ভাল থাকবো, তেমনি দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারবো। আল্লাহর সকল সৃষ্টির জন্য আমাদের কর্তব্য রয়েছে। সেটাকে অনুসরণ করা প্রতিটি মুসলমানের জন্য অনিবার্য দায়িত্ব। এ জন্য দরকার ইসলামকে পরিপূর্ণভাবে জানা। যত অসম্পূর্ণভাবে ইসলামকে আমরা জানবো, ততো আমাদের ভেতরে দীনতা থেকে যাবে। খন্ডিত ইসলাম প্রকৃত ইসলাম নয়। ইসলামের মধ্যে বিরোধ সৃষ্টিকারীরা ইসলামের মঙ্গল কামনা করে না।










