জনগণের সাথে ভালো ব্যবহার করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার প্রধান বা আমীরুল মুমিনীন শায়খুল হাদীস মাওলানা হেবায়েতুল্লাহ আখুন্দজাদা।
এছাড়াও মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারের কর্মকর্তা-কর্মচারিদের সাথে ভালো ব্যবহার করে তালেবানের সাধারণ ক্ষমা ঘোষণার প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দিনে তিনি।
বুধবার (২৯ ডিসেম্বর) তোলো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, সাধারণ ক্ষমার প্রতি শ্রদ্ধা দেখানোসহ ১৮ দফা ডিক্রি জারি করেন শায়খুল হাদীস মাওলানা হেবায়েতুল্লাহ আখুন্দজাদা।
এই ১৮ দফার প্রথম দফাতে মার্কিন মদদপুষ্ট সাবেক সরকারের অধীনে কাজ করা সামরিক কর্মকর্তাদের শাস্তি না দিতে বা কোনোভাবে তাদের কাজে বিরক্ত না করতে বলা হয়েছে।
এ বিষয়ে কান্দাহার গভর্নরের মুখপাত্র মাহমুদ আজম বলেন, নতুন ডিক্রিতে সুপ্রিম লিডার আখুন্দজাদা সাধারণ জনগণের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। এছাড়া যেকোনো রাষ্ট্রীয় কাজে যোগ্য লোকদের গুরুত্ব দেওয়াসহ জনগণের প্রতি দেশ না ছাড়ার আহ্বান জানিয়েছেন।
এছাড়া ডিক্রিতে ইসলামিক আমিরাতের জাতীয় ঐক্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য তালেবান কর্মকর্তাদের জনগণের সাথে পারস্পারিক গ্রহণযোগ্যতা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।











