বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেছেন, এভারকেয়ার হসপিটালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে তিলে তিলে হত্যা করার জন্যই সাজানো পাতানো মামলায় সাজা দিয়ে নির্জন পরিত্যক্ত কারাগারে পাঠানো হয়েছিল। জামিন পাওয়া তার অধিকার, কিন্ত বিচারপতিদের মাধ্যমে বারবার তার জামিন বাধাগ্রস্থ করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) খুলনায় দুপুর ২ টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র গণজমায়েতে তিনি এসব কথা বলেন।
হাবিব-উন নবী খান সোহেল বলেন, ভোট চুরির মাধ্যমে যারা শেখ হাসিনাকে ক্ষমতায় নিতে পারবেন, তাদের সমন্বয়ে জাতীয় চোর কমিশন গঠন করা হবে। বিগত সংসদ নির্বাচনে রাতের অন্ধকারে চোর ও নাইটগার্ডরা জনগণের ভোট চুরি করে নিয়ে গেছে। তবে আরেকবার সেই চেষ্টা করলে সারা দেশে ছাত্রদলের প্রতিরাধের মুখে এ সরকার পালাবার দরজা খুঁজে পাবে না।
তিনি বলেন, আওয়ামী লীগের পাতি নেতাদের কাছেও কোটি হাজার কোটি টাকা পাওয়া যায়। অথচ মাত্র দুই কোটি টাকার কথা তুলে শেখ হাসিনা খোঁটা দেন। শেখ হাসিনা দুর্নীতির মাফিয়াদের গডমাদার। দুর্নীতির মহাসমুদ্রে দাঁড়িয়ে আপনার মুখে এসব কথা মানায় না।










