ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা বা আমিরুল মু’মিনীন শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা আফগান বাহিনীর সদস্যদের জ্ঞান অর্জন অব্যাহত রাখা, রাষ্ট্রীয় যানবাহন ও অস্ত্রের যত্ন নেওয়া, জাতিগত ও গোষ্ঠীগত পক্ষপাত থেকে বিরত থাকা এবং ব্যক্তিগত স্বার্থের চেয়ে ইসলামী ব্যবস্থার স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) ২০৫তম আল-বদর আর্মি কোরের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইমারাতে ইসলামিয়ার উপ-মুখপাত্র মাওলানা হামদুল্লাহ ফিতরাত তাঁর এক্স অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন।
মাওলানা আখুন্দজাদা বলেন, আল্লাহ তায়ালা মুজাহিদদের ইবাদত, জিহাদের কাতারে থাকা এবং নামাজে অংশগ্রহণকে মূল্য দেন। মুজাহিদরা আল্লাহর দ্বীন সমুন্নত রাখা এবং মুসলমানদের শান্তিপূর্ণভাবে তাঁর ইবাদত করার সুযোগ নিশ্চিত করার জন্য লড়াই করেন।
তিনি জোর দিয়ে বলেন, মুজাহিদদের যথাযথভাবে নামাজ আদায় করতে হবে এবং নামাজের সব রুকন ও শর্ত পূরণ করতে হবে। একইসঙ্গে দ্বীনের সব বিষয়, বিশেষ করে নামাজ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, মুজাহিদদের ইসলামী নৈতিকতা ও শিষ্টাচার গ্রহণ করতে হবে। কারণ মানুষ তাদের আদর্শ হিসেবে দেখে।
আফগান আমিরুল মু’মিনীন বলেন, “নামাজ সফলতার মাধ্যম। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তাঁর সাহাবিরা নামাজকে অত্যন্ত গুরুত্ব দিতেন। সমাজে নিজেদের দ্বীনি দায়িত্বশীলতার প্রকাশ ঘটানোর চেষ্টা করুন, যাতে মানুষ দ্বীনের বিষয়ে আপনাদের অনুসরণ করে। শেষ সময়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর একটি সুন্নত পুনর্জীবিত করার সওয়াব ১০০ শহীদের সমান। নিজেদের দ্বীন শেখা এবং তা অন্যদের কাছে পৌঁছে দেওয়া আপনাদের দায়িত্ব।”
সেনাসদস্যদের তিনি আরও বলেন, “নিশ্চিত করুন, মসজিদগুলোকে সম্মান ও মর্যাদা দেওয়া হচ্ছে। সঠিক তিলাওয়াত, তাজবিদ এবং অর্থ বোঝার মাধ্যমে পবিত্র কুরআন শিখুন। অনর্থক কাজে লিপ্ত হবেন না। জ্ঞান অর্জন অব্যাহত রাখুন এবং আপনাদের নেতা ও শিক্ষকদের সম্মান করুন ও তাদের আনুগত্য করুন।
রাষ্ট্রীয় যানবাহন ও অস্ত্রের প্রতি সর্বোচ্চ যত্নশীল থাকুন এবং অপ্রয়োজনে এগুলো ব্যবহার করবেন না। নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখুন, জাতিগত ও গোষ্ঠীগত পক্ষপাত থেকে বিরত থাকুন, ইসলামী ব্যবস্থার জন্য ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করুন এবং তাকওয়া ও দ্বীনি দায়িত্বশীলতা বজায় রাখুন।”
সূত্র : আফগান উপ-মুখপাত্র মাওলানা হামদুল্লাহ ফিতরাতের এক্স পোস্ট।











