জামায়াতে ইসলামী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের মধ্যে সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে বলে জামায়াতে ইসলামী অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগ একটি অপপ্রচারকারী দল এবং তাদের সঙ্গে আরেকটি ‘গুপ্ত দল’ যুক্ত হয়েছে। দুই দলের আচরণ একই বলেও মন্তব্য করেন তিনি।
দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সরকার শান্তিপূর্ণ পরিবেশে এ উৎসব সম্পন্ন করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।
চিকিৎসাসেবা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যান, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।











