আগামী ১০ বছরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
তিনি বলেন, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয়, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই।
বুধবার (২১ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময়ে এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না। তাই নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।
তিনি বলেন, একজন মানুষ অর্থশালী বা বিত্তবান না হলেও যদি তার জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা থাকে, তাহলে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। এ জন্য সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে নির্বাচন কমিশনকে একটি কার্যকর পদ্ধতি নির্ধারণ করতে হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত উল্লেখ করে স্পিকার বলেন, গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভোলার গ্যাস প্রসঙ্গে তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে। দেশের বর্তমান গ্যাসের মজুদের সঙ্গে ভোলার মজুদের পরিমাণ তুলনীয় বলে তিনি উল্লেখ করেন। সেখানে আরও গ্যাসের মজুদ থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভোলার সাধারণ মানুষেরও গ্যাস প্রয়োজন। ভোলাবাসী দীর্ঘদিন ধরে কষ্ট করছেন। গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার এবং এটি তাদের দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান।
এ সময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।











