নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, আমি বিগত পাঁচ দিন যাবত প্রচারণা চালাচ্ছি। আমি যেখানেই যাচ্ছি মুক্তিযোদ্ধা, এলাকাবাসী, আমাদের দলের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ দল-মতের ঊর্ধ্বে উঠে আমার পাশে এসে দাঁড়াচ্ছেন। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
সোমবার (৩ জানুয়ারি) সকাল থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, যে কাজগুলো চলমান সেগুলো শেষ করা এবং প্রতিটি ওয়ার্ডের চাহিদামতো কাজ করে দেওয়া, মাঠ করা, শিশুবান্ধব নগরী করাই আমার প্রাধান্য। এদিকে একটা বড় খাল খনন হচ্ছে। এটা সাড়ে পাঁচ কিলোমিটার, এটার কাজ এখনো চলমান। এরকম চলমান কাজগুলো সম্পন্ন করাই আমার মূল লক্ষ্য।
তিনি বলেন, আমি যে ওয়ার্ডে দাঁড়িয়ে আছি এখানে বড় একটা কবরস্থান আছে পুকুর আছে। তাদের দাবি ছিল কবরস্থান ঠিক করা পুকুর সংরক্ষণ ও একটা ঈদগাহ করে দেওয়া। কবরস্থানের কাজ করেছি, পুকুরের কাজ চলছে এবং ঈদগাহের টেন্ডার হয়ে গেছে। আমার এবারের স্লোগান সবুজ শ্যামল নারায়ণগঞ্জ। এই সবুজ শ্যামল নারায়ণগঞ্জের পাশাপাশি জনগণকে আমার পানির সুব্যবস্থা করে দিতে হবে।
আওয়ামী লীগের এ প্রার্থী বলেন, খালের ব্যাপারে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলেছেন যে সড়ক ও জনপদ বিভাগ আমাকে বাধা দিয়েছে। হ্যাঁ, তারা বাধা দিয়েছে। তারা এ খাল ভরাট করে রাস্তা করতে চেয়েছিল। কিন্তু আমি মিটিংয়ে মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে বলেছি যে, যেহেতু প্রধানমন্ত্রী জলাশয় সংরক্ষণ করতে চাচ্ছে সেহেতু আপনি জলাশয় ভরাট করে রাস্তা করতে পারবেন না। জলাশয়ের ওইপাশে অনেক জায়গা আছে। সেদিক দিয়ে রাস্তা করেন আমি জলাশয়টা সৌন্দর্যবর্ধন করে দেব। সেই মোতাবেক আমি এখানে জলাশয় সংরক্ষণ করছি গাছ লাগাচ্ছি।











