গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি। তবে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৫৩ জন। এ নিয়ে মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার ৭৬৯ জনে।
বুধবার (৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হন। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দাঁড়ায় প্রায় তিন দশমিক ৩৫ শতাংশে। আবার শনাক্তদের মধ্যে ৪৯ জন নগরের এবং চারজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে একজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে আটজন, অ্যান্টিজেন টেস্টে চারজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুজন, শেভরন হাসপাতাল ল্যাবে ২১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে নয়জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে দুজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে তিনজন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।











