চট্টগ্রামসহ সারাদেশে বেড়েই চলছে মহামারি করোনাভাইরাসের ফলে সংক্রম ও মৃত্যু। গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে চট্টগ্রামে নতুনকরে শনাক্ত হয়েছেন ৮২ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৯০৪ জনে। আর একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি বলে জানা যায়।
শুক্রবার (৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৮৫৭ জনের নমুনা পরীক্ষায় ৮২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার চার দশমিক ৪১ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ৭৪ জন নগরের এবং আটজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে দুজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে আটজন, অ্যান্টিজেন টেস্টে পাঁচজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে দুজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে চারজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে পাঁচজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১০ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ছয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।











