রাষ্ট্রপতির সংলাপে বিএনপির অংশ না নিলেও কোনও কিছু থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বলেছেন বিএনপি অংশ নেয়নি তাই রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন। বিএনপি ছাড়াও এদেশে আরও রাজনৈতিক দল আছে এ কথা সম্ভবত তারা ভুলে গেছে। বিএনপি অংশ না নিলে কোনও কিছুই থেমে থাকবে না, থেমে থাকবে না রাষ্ট্রের গণতন্ত্র এবং সাংবিধানিক প্রক্রিয়ার ধারাবাহিকতা।
বিএনপির কাজই হলো সরকার এবং দেশের কল্যাণকর প্রয়াস ও অর্জনকে বিতর্কিত করা মন্তব্য করে কাদের বলেন, সবকিছু নিয়ে বিতর্ক করতে গিয়ে তারাই আজ জনগণের কাছে বিতর্কিত। অপরিণামদর্শী রাজনীতির কারণে তারা গভীর খাদের প্রান্তে। তাদের হাঁক-ডাক নিজেদের ব্যর্থতা আড়াল করা এবং নেতা-কর্মীদের মনোবল ধরে রাখার ব্যর্থ প্রয়াস ছাড়া আর কিছুই নয়।











