spot_img
spot_img

সরকার এই মুহূর্তেই লকডাউনের কথা ভাবছে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার এই মুহূর্তেই লকডাউনের কথা ভাবছে না। কারণ ওমিক্রনের মৃত্যুহার অনেক কম। তবে করোনার এই নতুন ধরনের বিস্তার ঠেকাতে সরকার সব ধরনের যানবাহনে যাত্রীর সংখ্যা সীমিত করার বিষয়টি বিবেচনা করছে। সরকার সব জায়গাতেই যাত্রী সংখ্যা কমাতে পদক্ষেপ নেবে। আগেও এমনটি করা হয়েছে। আমরা সেই পদ্ধতি অনুসরণ করবো।

রোববার (৯ জানুয়ারি) ঢাকায় কূটনীতিকদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ উদ্বোধনের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

ওমিক্রন ও স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ড. মোমেন বলেন, স্বাস্থ্য সুরক্ষার ইস্যুর দিকটি বিবেচনা করে, আমাদের জনগণের সুরক্ষায় সীমান্তে অধিকতর নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, সরকার অত্যন্ত কৃতজ্ঞ যে, অনেক দেশ আমাদের সহায়তায় এগিয়ে এসেছে এবং কোভ্যাক্সের আওতায় ভ্যাকসিনের ডোজ অনুদান দিয়েছে। সরকার তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ কে আব্দুল মোমেন বলেন, কিন্তু করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন দেখা দেওয়ায় এখনও অনেক পথ বাকি রয়েছে। এখন পর্যন্ত আমরা সঠিক পথেই আছি, কিন্তু আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। এ সময় মন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ