spot_img

আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে আজ। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হওয়ার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারির এই দিনে স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি।

সোমবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বছরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি ভিন্ন মাত্রা ও আবেগের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে।

পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ নয় মাস কারাভোগের পর তিনি এর আগে ৮ জানুয়ারি মুক্তি লাভ করেন। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এবং দিল্লি হয়ে ঢাকা ফেরেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগ ও দলের বিভিন্ন সহযোগী সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। এদিন সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়ায় তার সমাধিতে আওয়ামী লীগের প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করবেন।

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকাল সাড়ে ৩ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সীমিত পরিসরে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ