মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ অসম্পূর্ণ, মুক্তিযুদ্ধের চেতনা অসম্পূর্ণ। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লাল-সবুজের পতাকা কল্পনা করা যায় না। শেখ হাসিনার মাঝেই আমরা বঙ্গবন্ধুকে খুঁজে পাই। তিনি আছেন তাই আজকের বাংলাদেশে এতো সমৃদ্ধির চিত্র।
সোমবার (১০ জানুয়ারি) পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন না হলে বাংলাদেশের স্বাধীনতা পরিপূর্ণতা পেত না। বঙ্গবন্ধু আমাদের মাঝে না থাকলেও তাঁর বিশ্বাস ও আদর্শ আমাদের মাঝে রয়েছে। তার রক্ত ও আদর্শের উত্তরসূরি শেখ হাসিনা বাঙালি জাতির জন্য আশীর্বাদ হিসেবে রয়েছেন।
তিনি বলেন, আজকের বাংলাদেশে এখন আর যুদ্ধাপরাধীদের দাম্ভিকতা নেই। আজকের বাংলাদেশে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। বাংলাদেশে নিজেদের টাকায় পদ্মা সেতু হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, মেট্রোরেল হচ্ছে, নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল হচ্ছে।











