spot_img
spot_img

ভোলায় পরকীয়া জেনে যাওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় গ্রেফতার ১

ভোলার চরফ্যাশনে স্বামীর সাথে অন্য নারীর পরকীয়া সম্পর্ক জেনে যাওয়ায় রাবেয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে ওই ঘটনায় পরকীয়ায় লিপ্ত তাছনুর বেগমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

জানা যায়, নিহতের ছেলে মো. তানভীর চরফ্যাশন থানায় তার পিতা মো. জমিস ব্যাপারী ও প্রতিবেশী তাছনুর বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত রাবেয়া বেগম ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর মাদ্রাস গ্রামের মো. জসিম উদ্দিনের স্ত্রী।

নিহতের ছেলে ও মামলা সূত্রে জানা গেছে, নিহতের স্বামী জসিম ব্যপারী দীর্ঘদিন ধরে তাদের প্রতিবেশী তাছনুর বেগম নামে এক নারীর সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত। বিষয়টি রাবেয়া বেগম টের পেলে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরের দিকে জসিম তার স্ত্রী রাবেয়া বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। এবং হত্যার ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে গাছের সাথে নিহতের মরদেহ ঝুলিয়ে পালিয়ে যায়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। প্রাথমিক তদন্তে নিহতের শরীরের আঘাতের চিহৃ পাওয়া গেছে।

তিনি আরও জানান, নিহতের ছেলে তানভীর হোসেন বাদী হয়ে মঙ্গলবার সকালে তার পিতা ও প্রতিবেশী এক নারীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে আমরা অভিযান চালিয়ে তাছনুর বেগম নামে ওই নারীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। মামলার প্রধান আসামি এখনও পলাতক রয়েছে, তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ