তুরস্কের প্রেসিডেন্ট রাজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিতে প্রতিরক্ষা খাতে রূপান্তরমূলক পদক্ষেপ গ্রহণ করছে আঙ্কারা। বিশ্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠার সংগ্রাম করছে তুরস্ক।
ইংরেজি নববর্ষের প্রাক্কালে রাজধানী আঙ্কারার পোলাটলি জেলার আর্টিলারি এবং মিসাইল স্কুল কমান্ডে জড়ো হওয়া সেনাদের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন তিনি।
অভ্যন্তরীণ ঐক্য জোরদারের প্রচেষ্টার কথা উল্লেখ করে এরদোগান বলেন, ‘আমরা আমাদের অঞ্চল এবং তার বাইরে স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি জোরালো সংগ্রামে আছি।’
এরদোগান তুরস্কের সামরিক সক্ষমতার কথা ধরেন, যার মধ্যে রয়েছে আলতাই ট্যাঙ্ক, ফিরতিনা হাউইটজার, এটিএকে হেলিকপ্টার, সশস্ত্র ও নিরস্ত্র ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং মানবহীন সমুদ্র যানবাহন।
তিনি বলেন, ‘প্রতিরক্ষার সকল ক্ষেত্রে আমরা এক দারুণ অগ্রগতির পথে আছি। আমরা স্বয়ংসম্পূর্ণ সামরিক অবকাঠামো তৈরির জন্য নিজস্ব সম্পদ ব্যবহার করছি।’
এরদোগান বলেন, ‘গুরুতর চ্যালেঞ্জ ও বাধা থাকলেও তুরস্ক তার সাম্প্রতিক অর্জনগুলোকে স্থায়ী সাফল্যে রূপান্তরিত করতে ‘ঐতিহাসিক সুযোগ’ গ্রহণ করেছে।
এসময় তুরস্ককে আরো শক্তিশালী করার এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নতুন, শক্তিশালী এবং মহান তুরস্ক গড়ে তোলার জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট এরদোগান।
সূত্র: আনাদোলু










