রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
জানা যায়, ১০৪ শয্যার রামেকের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিল ৬৩ জন। হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে ২০ জন ভর্তি আছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৬ জন। একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯ জন।
সোমবার (৩১ জানুয়ারি) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে ১৮২টি নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ৪৬৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২১৯ জনের।











