ঋণের নামে জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাৎ ও পাচার অভিযোগের মামলায় স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে কারাগার থেকে প্রিজন ভ্যানে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিষয়টি তত্ত্বাবধান করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি টিম।
এর আগে দুদকের উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত।
অনুসন্ধানে দেখা যায়, বেক্সিমকো গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ব্যাক-টু-ব্যাক এলসি ও বিবি এলসির মাধ্যমে কাগুজে আমদানি-রফতানি দেখিয়ে ‘অ্যাকোমোডেশন বিল’ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ১৫,৫৫,৪৬৫.৯৫ মার্কিন ডলার রফতানি মূল্য দেশে প্রত্যাবাসন না করে মোট ১,৪৭,২৯,৩৪০ মার্কিন ডলার বা প্রায় ১৩৬ কোটি ৯৮ লাখ টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, সালমান এফ রহমান বর্তমানে রামপুরা ও মতিঝিল থানার মোট ১৮টি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছেন।











