আসন্ন রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রীর অংশ হিসেবে দুই হাজার কার্টুন খেজুর দিয়েছে সৌদি সরকার। যার পরিমাণ প্রায় ৪০ মেট্রিক টন। ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহসীনের কাছে বাংলাদেশস্থ সৌদি আরবের রাষ্ট্রদূতের পক্ষে ইসলামিক এফেয়ার্সের দায়িত্বশীল প্রধান আহমেদ বিন হাসান হামাদি এই খেজুর হস্তান্তর করেন।
আজ বৃহস্পতিবার ( ১ এপ্রিল) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খেজুর হস্তান্তর অনুষ্ঠান হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহসীন বলেন, আসন্ন রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রীর অংশ হিসেবে বিতরণের জন্য সৌদি সরকার বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে দুই হাজার কার্টুন খেজুর প্রদান করেছে। সৌদি আরব আমাদের অত্যন্ত ভ্রাতৃপ্রতিম একটি দেশ। এছাড়া মুসলমান হিসেবে তাদের সাথে আমাদের সম্পর্কটা ভিন্ন। সেদেশে আমাদের বিপুল সংখ্যক লোক হজ্জ ও ওমরা করতে যায়।
তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ৪০ মেট্রিকটন খেজুর, যারা ইফতারের সময় খেজুর কিনতে পারে না এ ধরনের জনগণের কাছে পৌঁছানোর জন্য আমরা জেলা প্রশাসনের কাছে পাঠাবো। আমরা চাচ্ছি যাতে রোজার প্রথম দিন থেকেই এই খেজুর দিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ইফতার করতে পারেন। আমরা দৃঢ়ভাবে জেলা প্রশাসকদের বলবো যারা খেজুর কিনতে অসমর্থ তাদের মাঝে যেন এই খেজুর বিতরণ করা হয়।











